অনলাইন ডেস্ক | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 71 বার পঠিত
রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানের আধুনিকায়ন শেষে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী আধুনিকায়ন করা উদ্যান ও এর প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন।
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ওসমানী উদ্যানের আধুনিকায়ন ও জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। জুলাইয়ের শহীদ ও বীর যোদ্ধাদের স্মরণে নির্মিত এ স্মৃতিস্তম্ভের মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান ও শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন।
স্টিলের পাতায় খোদাই শহীদদের নাম
উদ্যানের মাঝামাঝি স্থানে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। এর কেন্দ্রস্থলে স্থাপিত স্টিলের পাতের ওপর খোদাই করা হয়েছে জুলাই শহীদদের নাম। স্মৃতিস্তম্ভের চারপাশ পাকা করা হয়েছে। এ ছাড়া এর রেলিংয়ের ভেতরের অংশে জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে।
স্মৃতিস্তম্ভের ঠিক সামনে রয়েছে বেশ কয়েকটি প্রতীকী কবর। এর পাশ দিয়ে তৈরি করা হয়েছে হাঁটার পথ বা ওয়াকওয়ে। এসব আয়োজনের মধ্য দিয়ে দর্শনার্থীরা জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ স্মরণ করতে পারবেন।
লেক, ফোয়ারা ও আধুনিক সুযোগ-সুবিধা
পুলিশ হেডকোয়ার্টারের বিপরীত পাশে অবস্থিত ওসমানী উদ্যানের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই বাম পাশে রয়েছে লেক। উদ্যানের মাঝখানে তৈরি করা হয়েছে ফোয়ারা। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে আধুনিক লাইব্রেরি, জিমনেশিয়াম ও ক্যাফেটেরিয়া।
লাইব্রেরির আগে বাম পাশে সিঁড়ি দিয়ে ভূগর্ভস্থ স্থানে যাওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে জাদুঘরের জন্য জায়গা তৈরি করা হয়েছে।
আধুনিকায়নের ফলে নতুন রূপ পেয়েছে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান। অবকাশ যাপনের পাশাপাশি জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান ও শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণে এ উদ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Posted ৫:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah