জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট | 67 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় কভার্ডভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত হওয়ার পর তাদের ৯ মাস বয়সী শিশুসন্তানও মারা গেছে। শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫), তার স্ত্রী বিথী আক্তার (৩০) এবং তাদের ৯ মাস বয়সী ছেলে নুর। রাকিব শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেডের মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সন্তানকে নিয়ে রাকিব ও বিথী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাত কভার্ডভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাকিব ও তাদের শিশু সন্তান নুরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটিরও মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী মমিন মিয়া জানান, মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি কভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে বিথী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর রাকিবের মৃত্যু হয় এবং ঢাকায় নেওয়ার পথে মারা যায় তাদের শিশু সন্তান।
রাকিবের সহকর্মী কালাম মিয়া বলেন, কয়েক দিন আগে এক সহকর্মীর মা মারা যাওয়ায় ওই পরিবারের জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলেন রাকিব। অফিস শেষে বাসায় ফিরে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে খাবার পৌঁছে দিতে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল নাফিস বলেন, রাকিব ও বিথীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। দুর্ঘটনার জন্য দায়ী কভার্ডভ্যানটি শনাক্তে কাজ চলছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৪:৫০ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah