জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ১৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 110 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে সংঘবদ্ধ গরু চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার ও একটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। একইসাথে চুরিতে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। ১৮ জুলাই শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কালীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, শ্রীপুর উপজেলার বড় দীঘিরপাড় এলাকার অলি উল্লাহর ছেলে জুয়েল রানা (৩৫), ঢাকার কেরানীগঞ্জের কানারচর এলাকার লিয়াকত আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৪), আহমদ আলীর ছেলে সদর আলী (৩৬), মৃত ছাত্তার মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২০), ছলিম হোসেনের ছেলে মোস্তফা মিয়া (২০), সাভার হেমায়েতপুরের মৃত শামছুল হকের ছেলে চুন্নু মিয়া (৫৫) এবং রংপুরের মিঠাপুকুর থানার মহাদেবপুর এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে নজরুল ইসলাম (৩৬)।
পুলিশ জানায়, গত ২ জুলাই কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বড়কাউ (পূর্বাচল সেক্টর-২৫) এলাকার বাসিন্দা কবির মিয়ার (৫০) বাড়ির পাশ থেকে তার একটি গরু চুরি হয়। পরবর্তীতে একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সংঘবদ্ধ চোর চক্রের অজ্ঞাত ৫ সদস্য একটি নীল রঙের পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-১৫-৭৬১৬) করে গরুটি তুলে নিয়ে যায়।
৬ জুলাই কবির মিয়া কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ৪(৭)২৫)। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম তথ্যপ্রযুক্তি ও স্থানীয়দের সহায়তায় ১৭ জুলাই বিকেলে বড়কাউ হরদি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের জুয়েল রানা, শরিফুল ইসলাম ও সদর আলীকে গ্রেফতার এবং চুরিতে ব্যবহৃত পিকআপটি জব্দ করেন।
তাদের দেয়া তথ্য অনুযায়ী, ঢাকার খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে আরো দুই সদস্য আশরাফুল ইসলাম ও মোস্তফা মিয়াকে গ্রেফতার করা হয়। একইদিন রাতে সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে চুন্নু মিয়া ও নজরুল ইসলামকেও গ্রেফতার করা হয়। পরবর্তীতে চুন্নু মিয়ার খামার থেকে চোরাই গরুটি উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত সাত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Posted ৫:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah