জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ | প্রিন্ট | 167 বার পঠিত
সরকারি জমি দখল করে ইট, বালু ও খোয়া বিক্রি করতেন দখলদাররা। দীর্ঘদিন এভাবে ব্যবসা করলেও সরকারি নিয়মের তোয়াক্কা করেননি তারা। প্রশাসনের পক্ষ থেকে তাদের ব্যবসা বন্ধ করতে মৌখিকভাবে বললেও কর্ণপাত করেননি। সম্প্রতি তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আর্থিক জরিমানা করে উপজেলা প্রশাসন। উদ্ধার করা হয় বেদখল জমি।
ঘটনাটি গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দড়িসোম এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে। গুদারাঘাট-সংলগ্ন জায়গাটি পতিত ফেলে রাখতে চায়নি প্রশাসন। তাই সেখানে স্থানীয় শিশুদের জন্য তৈরি করা হয়েছে খেলার মাঠ। যুবসমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে খেলার উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এটিকে পৌর খেলার মাঠ ঘোষণা দিয়েছেন পৌর প্রশাসক ও ইউএনও তনিমা আফ্রাদ।
১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে ইউএনও স্থানীয় খেলোয়াড় ও যুবকদের নিয়ে পৌর মাঠের উদ্বোধন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আলী হোসেনসহ রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও ভূমি অফিসের অন্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নতুন খেলার মাঠ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় তরুণ ও যুবকরাও। তারা বলছেন, এখন থেকে শীতলক্ষ্যা নদী তীরবর্তী মাঠে খেলাধুলা করতে পারবে শিশু-কিশোর-তরুণ-যুবকরা। উদীয়মান খেলোয়াড় তৈরি হবে। বিভিন্ন লিগ প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারবে।
ইউএনও তনিমা আফ্রাদ বলেন, আমাদের খেলাধুলার স্থান সংকুচিত হয়ে পড়েছে। যুবসমাজ যেন বিপথগামী না হয়, মাদক থেকে তারা যেন দূরে থাকে। তাদের জন্য খেলাধুলার পরিবেশ তৈরি করে দিতে হবে। সে লক্ষ্যে দখলকৃত জমি উদ্ধার করে খেলার মাঠ তৈরি করছি।
সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি বলেন, পর্যাপ্ত খেলাধুলার জায়গা পেলে পড়ালেখার পাশাপাশি যুবসমাজ মননশীল হয়ে উঠবে। তাই আমাদের যার যার অবস্থান থেকে যুবসমাজের জন্য খেলাধুলার পরিবেশ করে দেয়া দরকার।
Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah