জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | প্রিন্ট | 60 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ‘ড্রেস ম্যান’ নামের একটি তৈরি পোশাক কারখানার সরবরাহকৃত পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকদের মধ্যে অনেককে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত।
শ্রমিক ও কারখানা সূত্রে জানা যায়, সকালে কাজে যোগ দেওয়ার পর শ্রমিকরা কারখানার সরবরাহ করা পানি পান করেন। কিছুক্ষণ পরই তাদের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে অসুস্থ শ্রমিকের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়।
অসুস্থ শ্রমিকদের অভিযোগ, কারখানার পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ বোধ করেন। এরপর ধীরে ধীরে শতাধিক শ্রমিক একই ধরনের উপসর্গে আক্রান্ত হন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “পানি পান করে শ্রমিক অসুস্থ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসকদের তথ্যমতে, তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।”
ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah