জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ১৯ জুন ২০২৬ | প্রিন্ট | 38 বার পঠিত
গাজীপুরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে শুরু হয়েছে ‘ফলমেলা-২০২৬’। শুক্রবার গাজীপুর সদর উপজেলা চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি মেলার উদ্বোধনের পাশাপাশি কৃষি প্রণোদনা কর্মসূচিরও আনুষ্ঠানিক সূচনা করেন।
এবারের মেলায় ৩৪ প্রজাতির দেশীয় ও বিদেশি ফল প্রদর্শন করা হয়েছে। তবে দর্শনার্থীদের পাশাপাশি অতিথিদের নজর কেড়েছে গাজীপুরের ঐতিহ্যবাহী ৩৫ কেজি ওজনের একটি বিশাল কাঁঠাল। ভিডিও কনফারেন্সে কাঁঠালটি মন্ত্রীকে প্রদর্শন করা হলে তিনি এর আকার ও উৎপাদন দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুঁইয়া জানান, গাজীপুরের কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “গাজীপুরের কাঁঠালের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৫০০ কোটি টাকা। এ খাতকে আরও সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।”
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন গাজীপুরে কাঁঠালের বাম্পার উৎপাদনের প্রশংসা করে বলেন, কাঁঠালের বহুমুখী ব্যবহার ও এর অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরতে দেশব্যাপী প্রচারণা জোরদার করা হবে। একই সঙ্গে কাঁঠালকে জাতীয় পর্যায়ে আরও জনপ্রিয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. আবদুল্লাহ আল ফারুক এবং অতিরিক্ত উপপরিচালক আবদুল মতিন বিশ্বাস।
অনুষ্ঠানে চলতি ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পরিবেশ উন্নয়ন ও ফলদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। উদ্বোধনী দিনে ৬০ জন প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষক পেয়েছেন পাঁচটি উন্নত জাতের ফলদ গাছের কলম চারা, পাঁচটি বাঁশের খুঁটি এবং ৪০ কেজি করে পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট সার।
Posted ৫:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah