জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | প্রিন্ট | 22 বার পঠিত
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় উত্তরা ইউনিভার্সিটির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ২৩ শিক্ষার্থীসহ মোট ২৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বাসচালক ও এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির।
তিনি জানান, দুপুর আড়াইটার দিকে উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে প্রায় ৩০ জন শিক্ষার্থী নিয়ে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে মাওনা চৌরাস্তার উদ্দেশে রওনা দেয়। রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ২৪ জন আহত হন। পরে স্থানীয়রা ও উদ্ধারকারীরা তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে যান।
উত্তরা ইউনিভার্সিটির চিকিৎসক ডা. তৌসিক সরকার জানান, আহতদের মধ্যে কেউ গুরুতর জখম হননি। অধিকাংশ শিক্ষার্থী বাসের কাচ ভেঙে কেটে গেছেন এবং কয়েকজন বাসের ভেতরে চাপা পড়ে আঘাত পেয়েছেন। তবে বাসচালক ও তৃণা নামের এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আহতদের চিকিৎসা ও চিকিৎসা-পরবর্তী প্রয়োজনীয় সহায়তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৪:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah