জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ২৬ জুন ২০২৬ | প্রিন্ট | 53 বার পঠিত
গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ (পূবেরটেক) এলাকায় টাকার লোভ দেখিয়ে এক নাবালিকা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মামুন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ওই শিশুটি বাড়ির বাইরে একা অবস্থান করছিল। এ সুযোগে অভিযুক্ত মামুন তাকে টাকার প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেয়। শিশুটি প্রস্তাবে রাজি না হয়ে দ্রুত নিজের বাড়ির দিকে ছুটে গেলে অভিযুক্ত তাকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণচেষ্টা চালায়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করে।
পরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হায়দরাবাদ চৌরাস্তা এলাকায় অভিযুক্তকে ডেকে এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
পরে খবর পেয়ে পূবাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়। ভুক্তভোগী শিশুটির মা পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে。
পূবাইল থানার ওসি আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে থানাহাজতে রাখা হয়েছে। শুক্রবার (২৬ জুন) তাকে আদালতে প্রেরণ করা হবে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৮:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah