রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ; পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   50 বার পঠিত

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ; পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

গাজীপুরের শ্রীপুরে কালার কো লিমিটেড কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় তারা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

আজ শনিবার (২৭ জুন) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল আলম জানান, সকালে কালার কো লিমিটেডের শ্রমিকরা নিহত সহকর্মী লিজা আক্তারের মৃত্যুর বিচার দাবিতে কারখানার সামনে অবস্থান নেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তারা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

ওসি আরও জানান, শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সে সময় কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের পাশাপাশি কয়েকটি কারখানায় হামলার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতির অবনতি হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও জানান, শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত বুধবার (২৪ জুন) দিবাগত রাতে শ্রীপুরের তেলিহাটি এলাকার কালার কো লিমিটেড কারখানায় অসুস্থ এক নারী শ্রমিককে ছুটি না দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়, যার ফলে তার মৃত্যু হয়েছে—এমন অভিযোগ ওঠে। এর প্রতিবাদে পরদিন বৃহস্পতিবার সকালে শ্রমিকরা বিক্ষোভে নামেন। একপর্যায়ে তারা আশপাশের কয়েকটি কারখানায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া