জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 213 বার পঠিত
গাজীপুর মহানগরীর গাছা রোড এলাকায় সিলিন্ডারের গ্যাসে আগুন লেগে তিন জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা। দগ্ধ তিনজন হলেন বিমান সরকার, আরতি রানী ও দীপঙ্কর সরকার। ৪ আগস্ট সোমবার দুপুর আড়াইটার দিকে তাদেরকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, রান্নার সময় সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে তারা দগ্ধ হন। এদের মধ্যে বিমান সরকারের শরীরের ৯৫ শতাংশ, আরতী রানীর ৯৭ শতাংশ ও দীপঙ্কর সরকারের শরীরের ১ শতাংশ পুড়ে গেছে। বিমান সরকার এবং আরতি রানীর অবস্থা আশঙ্কাজনক।
আরতী রানীর ছেলে দীপঙ্কর সরকার, যিনি মাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন।
দীপঙ্করের স্ত্রী সাথী সরকার বলেন, তারা গাছা রোড এলাকার অখিলের বাড়িতে ভাড়া থাকেন। ওই বাড়িতে রান্না ঘরে একটি গ্যাসের সিলিন্ডার রাখা ছিল । রান্না ঘরের দরজা-জানালা বন্ধ ছিল। সোমবার দুপুরে তার শাশুড়ি ওই রান্নাঘরের পাশেই লাড়কি দিয়ে রান্না করছিলেন। এক পর্যায়ে বিকট শব্দে ওই রান্নাঘরের ভেতরে আগুন ধরে যায়।
বিমান সরকার আমাদের পাশের ঘরের ভাড়াটে, আগুনে আমার শাশুড়ি এবং তিনি পুড়ে যান। শাশুড়িকে বাঁচাতে গিয়ে আমার স্বামীও দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসার পর তার স্বামীকে ছেড়ে দেয়া হলেও অন্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক । তাদের সেখানে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
Posted ৫:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah