জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত
গাজীপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে প্রথমে সরকারি যানবাহন এবং পরে পর্যায়ক্রমে জেলার সব ধরনের যানবাহনকে বিনা হর্নে চলাচলের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় জেলা প্রশাসক বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কোনো যানবাহনে হর্ন ব্যবহার করা যাবে না। সরকারি যানবাহন থেকেই এ উদ্যোগের বাস্তবায়ন শুরু হবে, যাতে অন্য চালকরাও সচেতন হয়ে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকেন।
সভায় জানানো হয়, অতিরিক্ত ও অযথা হর্ন ব্যবহারের কারণে প্রতিনিয়ত শহরের বিভিন্ন এলাকায় শব্দদূষণ বাড়ছে। এতে শিক্ষার্থী, রোগী, বয়স্ক ব্যক্তি এবং সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তাই শব্দদূষণ কমাতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরকারি ও আধাসরকারি কর্মকর্তারা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বাস, লেগুনা, সিএনজি অটোরিকশা ও অটোরিকশার চালকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে ‘হর্নমুক্ত’ করার লক্ষ্যের কথা জানিয়ে তাদের সতর্ক করা হয়।
সভায় আরও জানানো হয়, প্রথম ধাপে সরকারি যানবাহনে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধ নিশ্চিত করা হবে। এরপর পর্যায়ক্রমে জেলার সব ধরনের যানবাহনে এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah