জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট | 57 বার পঠিত
শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় নগরীর ২ লাখ ৭৫ হাজার ৩৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
রোববার (২৮ জুন) সকালে নগরীর ৫৭টি ওয়ার্ডে একযোগে এ ক্যাম্পেইন শুরু হয়। জয়দেবপুরের ছায়াবীথি সোসাইটি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মিজ তানজিলা খানম।
গাজীপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৪২০টি অস্থায়ী কেন্দ্রে ৯৭০ জন টিকাদানকারী ও স্বেচ্ছাসেবীর মাধ্যমে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এর আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৯৫৬ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪৩ হাজার ৩৯৬ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন চলাকালে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের শিশু পুষ্টি, পরিচ্ছন্নতা এবং নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন। একই সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে কার্যক্রম তদারকি করেন এবং স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, “ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা প্রতিরোধ এবং স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নগরীর সব ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে এবং বিপুলসংখ্যক শিশু এ কর্মসূচির আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করেছে।
Posted ৫:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah