শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসক হতে চেয়েছিল সায়মা, স্বপ্ন থেমে গেল আগুনে

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   149 বার পঠিত

চিকিৎসক হতে চেয়েছিল সায়মা, স্বপ্ন থেমে গেল আগুনে

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে চলছে শোকের মাতম। বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত ছোট্ট সায়মা। এজন্য চাকরিজীবী বাবা তার মেধাবী মেয়েকে ভর্তি করান উত্তরার মাইলস্টোন স্কুলে। কিন্তু প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ট্রাজেডিতে আগুনে পুড়ে থেমে গেছে স্বপ্ন।

একমাত্র মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন নিহতের বাবা, মা ও স্বজনরা। স্থানীয়রা বলছেন, পুরাতন বিমান দিয়ে আর প্রশিক্ষণ নয়, এমন নির্মম দুর্ঘটনা চান না তারা।

নিহতের স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের বিপ্রবর্থা এলাকার বাসিন্দা শাহ আলম। একটি বেসরকারি কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে চাকরির সুবাদে থাকতেন রাজধানীর উত্তরায়। মেধাবী সাইমার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে মেয়েকে ভর্তি করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। গত তিনটি বছর সব কিছুই চলছিল স্বাভাবিক। কিন্তু সোমবার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে অন্ধকার নেমে আসে শাহ আলমের পরিবারে। বিমানের লেলিহান আগুনে মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় তৃতীয় শ্রেণির ছাত্রী সায়মার চিকিৎসক হওয়ার স্বপ্ন।

নিহতের বাবা শাহ আলম বলেন, রোববার রাতে মেয়ে তার বুকে এসে তাকে চুমু খায়। সোমবার সকালে ঘুমের মধ্যে মেয়েকে রেখে অফিসের কাজে বরিশাল যান তিনি। এরপর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে দিনভর মেয়েকে খুঁজেছেন। পরে রাতে সম্মিলিত সামরিক হাসপাতালের মর্গে পাওয়া যায় সায়মা ছোট্ট মরদেহ। এসময় ছেলে সাব্বির তার বোনের মরদেহ শনাক্ত করে।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ের স্বপ্ন ছিল সে ডাক্তার হবে। এখনতো সব শেষ। এজন্য আমি কাউকে দায়ী করি না, আমার কপালে নেই।

আজ ২২ জুলাই মঙ্গলবার সকালে লাশবাহী গাড়িতে সায়মার নিথর মরদেহ পৌঁছে গাজীপুরের বিপ্রবর্থা এলাকায়। এসময় পুরো এলাকায় সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। পরিবারকে সান্ত্বনা দিতে ভিড় করছেন স্বজন ও প্রতিবেশীরা। কান্নায় ভেঙে পড়ছেন নিহতের স্বজনরা। পরে সকাল ১১টায় নিহতের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এলাকাবাসি বলেন, দুর্ঘটনায় এতগুলো প্রাণহানিতে তারা শোকাহত। তবে পুরাতন বিমান দিয়ে যেন আর কোনো প্রশিক্ষণ দেওয়া না হয় এমন দাবি তাদের।

শাহ আলমের দুই ছেলে মেয়ের মধ্যে সায়মা ছিল সবার ছোট। একই স্কুল থেকে সম্প্রতি এসএসসি পাস করেছেন তার বড় ছেলে সাব্বির হোসেন।

মায়মার মা রিনা বেগম বলেন, প্রতিদিন আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতাম। সোমবার আমার এক ভাই তাকে স্কুলে নিয়ে যায়। পরে ফেসবুকে জানতে পারি স্কুলে বিমান দুর্ঘটনা হয়েছে। আমার মা স্কুলে যাওয়ার আগে বলে গেলো, মা স্কুলে গেলাম টা টা। এরপর আর মার সঙ্গে কথা হয়নি।

Facebook Comments Box

Posted ৮:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া