জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 136 বার পঠিত
ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়েছেন বিস্ফোরক মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা (৩০)।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের বাইমাইল এলাকার ময়লার ভাগাড়ের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও কারাগার সূত্র জানায়, মামলার শুনানি ও হাজিরার জন্য রোববার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাদের আবার কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল।
ফেরার পথে রাজা শৌচাগারে যাওয়ার কথা বলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। আসামিবাহী গাড়িটি বাইমাইল এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা এক এসআই তাকে শৌচাগারে যাওয়ার জন্য গাড়ি থেকে নামান।
এ সময় সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যান রাজা ওরফে পিচ্চি রাজা। পরে বাকি ২৯ আসামিকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
যেভাবে গ্রেফতার হয়েছিলেন
সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করে পুলিশ।
রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে বিমানবন্দরে অবস্থান নেয় পুলিশ। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।
রাজা ওরফে পিচ্চি রাজার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
যা বলছে পুলিশ-কারাগার কর্তৃপক্ষ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, ঢাকা আদালত থেকে কাশিমপুর কারাগারে আনার পথে একজন বন্দি পালিয়ে গেছেন। ওই বন্দি টয়লেটে যাওয়ার জন্য চিৎকার-চেঁচামেচি করছিলেন। পরে তাকে টয়লেটে যাওয়ার জন্য নিচে নামানো হলে তিনি পালিয়ে যান।
তিনি বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, রাজা ওরফে পিচ্চি রাজাকে পুলিশ আদালতে নিয়ে যায়। আদালত থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি পালিয়ে গেছেন। তিনি বিস্ফোরক আইনের একটি মামলায় বন্দি ছিলেন।
Posted ৪:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah