রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে পাওয়া স্বর্ণ-টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে জেলা পরিষদের সংবর্ধনা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ০২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

ট্রেনে পাওয়া স্বর্ণ-টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে জেলা পরিষদের সংবর্ধনা

ট্রেনে যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী স্টুয়ার্ড গার্ড এস এম মোশারফ হোসেনকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। সততার স্বীকৃতি হিসেবে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আর্থিক সম্মাননা প্রদান করা হয়।

রোববার (২ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ মোশারফ হোসেনকে সংবর্ধনা দেন। এ সময় তিনি সম্মাননা স্মারক হিসেবে ফুলের তোড়া এবং আর্থিক সহায়তার চেক তুলে দেন।

জানা যায়, স্টুয়ার্ড গার্ড মোশারফ হোসেনের সততার ঘটনাটি প্রথমে স্থানীয় সংবাদমাধ্যম ব্রাহ্মণবাড়িয়া নিউজ-এ প্রকাশিত হয়। প্রতিবেদনটি দেখে জেলা পরিষদের প্রশাসক বিষয়টি জানতে পারেন। পরে তিনি জানতে পারেন, মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত এম এম মজনু হোসেনের ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলীতে ভাড়া বাসায় বসবাস করছেন। এরপর তাকে জেলা পরিষদ কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান শাহিন, কেন্দ্রীয় যুবদলের সদ্য বিদায়ী কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকসহ জেলা পরিষদের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঘটনার সূত্রপাত গত ১৫ জুলাই। সেদিন বিকেলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ৭০৩ নম্বর গোধূলি এক্সপ্রেসের ‘ঘ’ কোচে দায়িত্ব পালন করছিলেন স্টুয়ার্ড গার্ড এস এম মোশারফ হোসেন। নরসিংদী স্টেশনে কেবিন নম্বর-৬-এর যাত্রীরা নেমে যাওয়ার পর তিনি একটি পলিথিনের ভেতরে থাকা জর্দার কৌটা উদ্ধার করেন। কৌটার ভেতরে ছিল প্রায় দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং নগদ ২ হাজার টাকা।

কিছুক্ষণ পর যাত্রীরা ফোন করে তাদের মূল্যবান জিনিসপত্র হারানোর বিষয়টি জানালে মোশারফ হোসেন তাদের আশ্বস্ত করেন যে উদ্ধার হওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা নিরাপদে তার কাছেই রয়েছে। পরে ৭৪২ নম্বর তূর্ণা এক্সপ্রেসে ভৈরব বাজার স্টেশনে রাত প্রায় ১টা ৫০ মিনিটে প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি স্বর্ণের চেইন ও নগদ টাকা তাদের হাতে বুঝিয়ে দেন।

তার এই সততার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনার জন্ম দেয়। সেই ধারাবাহিকতায় জেলা পরিষদ তার এই মহৎ কাজের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা প্রদান করে।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “বর্তমান সময়ে সৎ মানুষ পাওয়া খুবই দুর্লভ। মোশারফ হোসেন যে কাজটি করেছেন, তা শুধু তার নিজের নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর মুখ উজ্জ্বল করেছে। তার সততার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সঙ্গে বিষয়টি সংবাদমাধ্যমে তুলে ধরার জন্য ব্রাহ্মণবাড়িয়া নিউজকেও ধন্যবাদ জানাই।”

স্টুয়ার্ড গার্ড এস এম মোশারফ হোসেন বলেন, “আমি একজন মানুষ হিসেবে দায়িত্ববোধ থেকেই কাজটি করেছি। বিষয়টি প্রচার হবে, তা আমি চাইনি। তবে এই ঘটনার মাধ্যমে দেশজুড়ে মানুষের ভালোবাসা ও সম্মান পেয়েছি। জেলা পরিষদের এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে অনুপ্রাণিত করবে।”

Facebook Comments Box

Posted ১২:২৪ অপরাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া