নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 193 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তিতাস নদীর ও ফসলি জমির মাটি যাচ্ছে ঢাকায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনটি ড্রেজার দিনে-রাতে কাটছে মাটি। সরাইল উপজেলার আকাশী হাওর ঘেঁষা সরাইলের জয়ধরকান্দি ও পার্শ্ববর্তী উপজেলা নাসিরনগরের মহিষবেরের সীমানা ঘেঁষে বয়ে যাওয়া তিতাস নদীর দু’পাড়ে পালা করে চলছে মাটিকাটার ধুম। আশপাশের কিছু পাতি গুণ্ডার মুখ বন্ধ করেই সেখানে মাটি কেটে বিক্রির উৎসবের কথা জানিয়েছেন স্থানীয়রা। কোনো ধরনের অনুমতি ছাড়াই নদীর পাড় ও ফসলী জমি কাটার কথা স্বীকারও করেছেন সংশ্লিষ্ট শ্রমিক আর বিক্রেতারা। আর ইউএনও বলছেন, সাবেক ইউপি সদস্য রাফি মিয়া মাটিকাটার কথা স্বীকার করেছেন। আমি বন্ধ করার নির্দেশ দিয়েছি। নতুবা নেয়া হবে আইনগত ব্যবস্থা।
সরজমিন অনুসন্ধানে ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার আকাশী হাওর ঘেঁষা স্থান দিয়ে বয়ে গেছে তিতাস নদী। নদীর দক্ষিণ পাড়ে সরাইলের ধর্মতীর্থ ও জয়ধরকান্দি। আর উত্তর পাড়ে নাসিরনগর উপজেলার মহিষবেড়। বুধবার সকালে সরজমিনে দেখা যায়, তিনটি ভেকু একসঙ্গে কাটছে তিতাস নদীর পাড়। পাড় সংলগ্ন ফসলী জমির মাটিও কাটছে দেদারছে। আবার ভেকু দিয়েই ইঞ্জিনচালিত স্টিলবডির বড় নৌকায় মাটি লোড করছে। ফেরির খালি বডিতেও ভরছে মাটি। সিরিয়ালে একের পর এক নৌকা সরাইলের মাটি নিয়ে চলে যাচ্ছে ঢাকার দিকে। সেখানকার শ্রমিক অরুয়াইল গ্রামের সামছুল আলম বলেন, এখান থেকে মাটি আমাদের কোম্পানির বড় নৌকায় (ভলগেট) করে ঢাকায় নিচ্ছি। মাঝেমধ্যে আশুগঞ্জ ও ভৈরবেও যাচ্ছে। বেশির ভাগ মাটিই যাচ্ছে ইটভাটায়। জয়ধরকান্দি গ্রামের মুখলেছুর রহমান সহ স্থানীয় একাধিক কৃষক বলেন, নিজেদের লাভের জন্য একটি গ্রুপ দীর্ঘদিন ধরে নদীর পাড়ের মাটি বিক্রি করছে। তারা বিক্রি করছে ফসলী জমির মাটিও। এই গ্রুপে তেলীকান্দি গ্রামের মুক্তার মিয়া নামের ব্যক্তি আছেন। নদীর পাড় ও কৃষি জমির ব্যাপক ক্ষতি করছে। আমাদের উপজেলার মাটি অবৈধ পন্থায় কেটে ঢাকায় নিবে কেন? আমরা বাধা দিলে পাত্তাও দেয় না। ২-৩ মাস আগে আশপাশের লোকজন ২টি নৌকা ধরে সংশ্লিষ্টদের মারধর করেছেন। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, নদীর পাড়ের মাটিকাটার প্রশ্নই আসে না। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফসলী জমির শ্রেণি পরিবর্তন করাও আইন পরিপন্থি কাজ। রাফি মেম্বার মাটিকাটার কথা স্বীকার করেছেন। আমি তাকে এখনই মাটিকাটা বন্ধের নির্দেশ দিয়েছি। নতুবা খুব দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৩:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah