জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | 30 বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে সাঁতার কাটার সময় ডুবে শামীম (১১) ও আফনান (১৩) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।
নিহত শামীম টঙ্গীর পূর্ব আরিচপুর বউবাজার এলাকার আনিসুর রহমানের ছেলে এবং আফনান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তারা দুজনই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলাধুলার পর শামীম, আফনান ও তাদের বন্ধু শীপন তুরাগ নদে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার কাটার সময় শামীম ও আফনান পানিতে তলিয়ে যায়। এ সময় শীপন দ্রুত নদী থেকে উঠে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ অনুসন্ধান শেষে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, খবর পাওয়ার পর ডুবুরি দল অভিযান চালিয়ে তুরাগ নদ থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে।
টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফিরোজ জানান, নিহত দুই কিশোরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Posted ৫:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah