বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, সামাজিক মাধ্যমে ক্ষোভ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   94 বার পঠিত

নবীনগরে ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, সামাজিক মাধ্যমে ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অতিরিক্ত ও অসঙ্গতিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ দিন দিন বাড়ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা। সম্প্রতি ভোলাচং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজির হোসেন তার ফেসবুক পোস্টে একটি বিদ্যুৎ বিলের অসঙ্গতির অভিযোগ তুলে ধরলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

ফেসবুক পোস্টে নাজির হোসেন দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির শ্যামগ্রাম সাব-জোনাল অফিসের আওতাধীন তার বিদ্যুৎ সংযোগে গত ৫ জুন ২০২৬ পর্যন্ত মিটারের রিডিং ছিল ৪৪৪০ ইউনিট। কিন্তু এক মাস পর, ৬ জুলাই তিনি নিজে মিটারের ছবি তুলে দেখেন রিডিং ৪৪৩৮ ইউনিট। অর্থাৎ আগের রিডিংয়ের তুলনায় দুই ইউনিট কম দেখা যাচ্ছে। এমন অবস্থায় বিদ্যুৎ বিল কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, প্রকৃত মিটার রিডিং সংগ্রহ না করে অনেক ক্ষেত্রে অনুমাননির্ভর বিল তৈরি করা হচ্ছে, যার ফলে গ্রাহকদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। একই সঙ্গে তিনি নবীনগরে ভোক্তা অধিকার সংক্রান্ত দপ্তরের তথ্য জানতে চান এবং অন্যান্য গ্রাহকদেরও নিজেদের মিটারের ছবি সংরক্ষণ করার আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসে নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অসংখ্য গ্রাহক অভিযোগ করেছেন। তাদের দাবি, গত মাসজুড়ে দীর্ঘ সময় লোডশেডিং থাকা সত্ত্বেও অনেকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রতি গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এদিকে, গতকাল স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান আকস্মিকভাবে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি ভোলাচং পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) সঙ্গে বৈঠক করে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মদ ওয়াদুদ হোসেন বলেন, “অনুমানভিত্তিক বিল কোনোভাবেই কাম্য নয়। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে গ্রাহকদের দাবি, প্রকৃত মিটার রিডিং নিশ্চিত করে অতিরিক্ত বিলের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের ভোগান্তি থেকে সাধারণ মানুষ রক্ষা পাবেন।

Facebook Comments Box

Posted ৬:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া