সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | প্রিন্ট | 27 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ছামিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ছামিয়া পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের বাহার মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ছামিয়া তার নানার বাড়ি লোপাড়া গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের কাছে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন।
একপর্যায়ে স্থানীয়রা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায়ও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah