আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | সোমবার, ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট | 34 বার পঠিত
মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) এম. মঞ্জুরুল করিম রনি।
সোমবার গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকার ঈদগাহ মাঠে স্থানীয় সুধীজনের উদ্যোগে ‘মাদক সেবন বন্ধ কর, সুশীল সমাজ গড়ে তোল’ প্রতিপাদ্যে আয়োজিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মঞ্জুরুল করিম রনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, “নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগও নিশ্চিত করতে হবে।”
বক্তারা বলেন, মাদকাসক্তি রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং প্রশাসনের কার্যকর ভূমিকার কোনো বিকল্প নেই। সমাজের প্রতিটি স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সমাবেশে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন এবং বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
Posted ৫:১৯ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah