জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ১৯ জুন ২০২৬ | প্রিন্ট | 82 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তালহা স্পিনিং মিলের শ্রমিকরা। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় পৌনে তিন ঘণ্টা পর, রাত পৌনে ১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মে মাসের বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ নির্ধারণ করলেও তা বাস্তবায়ন করেনি। বুধবার ছিল বেতন পরিশোধের সর্বশেষ নির্ধারিত দিন। কিন্তু ওই দিনও বেতন দেওয়া হয়নি। বৃহস্পতিবার সারাদিন অপেক্ষার পরও বেতন না পাওয়ায় রাতে তারা মহাসড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন।
কারখানার শ্রমিক সবুজ মিয়া বলেন, “খেয়ে না খেয়ে কাজ করেছি। এখন বেতনের জন্য মধ্যরাতে রাস্তায় নামতে হচ্ছে। সংসার চালানো কঠিন হয়ে গেছে। দোকানে বাকি বেড়েছে, বাসাভাড়ার চাপও বাড়ছে।”
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”
Posted ৫:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah