নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪ | প্রিন্ট | 300 বার পঠিত
বগুড়ার শেরপুর উপজেলায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ২ সদস্যকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।
৮ জুলাই সোমবার রাতে তাদের প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) সৈয়দ আবুল হাশেম। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) চন্দন চন্দ বর্মণ ও নারী কনস্টেবল হাবিবা।
জানা গেছে, সোমবার দুপুরে দৈনিক যুগান্তরের শেরপুর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম তথ্য সংগ্রহ করতে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে যান। এ সময় ক্যাম্পে সেন্টি হিসেবে দায়িত্বরত নারী কনস্টেবল হাবিবা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনার কিছুক্ষণ পর দৈনিক ডেল্টা টাইমস নামের এক পত্রিকার শেরপুর প্রতিনিধি শহিদুল ইসলাম হাইওয়ে ক্যাম্পে যান। তখন উপপরিদর্শক চন্দন চন্দ বর্মণ তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শরীরে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনা জানাজানি হলে শেরপুর উপজেলায় কর্মরত ২০-২৫ জন সাংবাদিক হাইওয়ে থানায় গিয়ে বিচার দাবি করেন। হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ আবুল হাশেম গণমাধ্যমকে বলেন, দুপুরে হাইওয়ে ক্যাম্প চত্বরে দায়িত্ব পালনের সময় কনস্টেবল হাবিবা ও উপপরিদর্শক চন্দন চন্দ বর্মণ দুজন সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ কারণে ক্যাম্প থেকে তাদের প্রত্যাহার করে বগুড়ার হাইওয়ে রিজিয়ন পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
Posted ৪:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah