জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 41 বার পঠিত
গাজীপুরে বাসচাপায় মরিয়ম বেগম (৫০) নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ সহকর্মী ও স্থানীয় লোকজন একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
সোমবার (৩১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম ঢাকার আশুলিয়া এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি ইটাহাটা এলাকার দিগন্ত সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কারখানায় যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মরিয়ম। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মরিয়মের মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাকওয়া পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের সহকর্মীরা একটি বাসে অগ্নিসংযোগ করেন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah