সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | 35 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মাত্র ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় ইয়ামিন মিয়া (৩০) নামে এক সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার নববধূ সুমা আক্তার (১৮)।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মৃত আবুল বাশার ভুঁইয়ার ছেলে। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ইয়ামিন নববধূকে নিয়ে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে শ্বশুরবাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং দম্পতি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুমা আক্তারকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের চাচা নওশাদ হোসেন জানান, গত ৮ জুলাই ইয়ামিন বিয়ে উপলক্ষে সৌদি আরব থেকে দেশে ফেরেন। দেশে আসার আগেই পারিবারিকভাবে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। পরে ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৫ জুলাই ‘পান-ফুল’ অনুষ্ঠানে অংশ নিতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান তিনি। সোমবার বিকেলে সেখান থেকে বাড়ি ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
তিনি বলেন, “বিয়ের মাত্র ১০ দিনের মাথায় এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। পুরো পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা শোকে স্তব্ধ। হাসপাতালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।”
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
Posted ৪:২০ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah