শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে হলুদের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে সেন্টারিং মিস্ত্রীর মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   71 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে হলুদের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে সেন্টারিং মিস্ত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (২২) নামে এক সেন্টারিং মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোহাম্মদপুর খিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সদর উপজেলার বামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নসুর বাড়ির বাসিন্দা এবং জামাল মিয়ার ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর খিয়াপাড়া এলাকার মনির মিয়ার ছেলে মোস্তাকিমের গায়ে হলুদের অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে যোগ দেন আব্দুল্লাহ। অনুষ্ঠান চলাকালে নাচ-গানের একপর্যায়ে অসাবধানতাবশত জেনারেটরের বৈদ্যুতিক লাইন ও বিদ্যুতের সার্ভিস লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মনির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই সানাউল্লাহ জানান, গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হন আব্দুল্লাহ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তারা চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক সেন্টারিং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ২:১১ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া