সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত
সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাসহ নেতারা বক্তব্য দেন। তারা বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত, নিষিদ্ধ ও স্বৈরাচারী একটি সংগঠন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে পুনরায় অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদী এই চক্র দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সবসময় সতর্ক থাকতে এবং চোখ-কান খোলা রাখতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদী খুনি হাসিনার দোসররা যাতে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো ধরনের অরাজকতা, সন্ত্রাস বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য যুবদলের প্রতিটি নেতাকর্মী সজাগ দৃষ্টি রাখছে। জনগণের জানমাল ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদল, পৌর যুবদল এবং সদর উপজেলা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি দেশের গণতান্ত্রিক ধারা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজিব, সৈয়দ তৈমুর, রুমেল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক, সদস্যসচিব মো. তানভীর রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ, সদস্যসচিব মো. ইয়াছিন মিয়াসহ অন্যরা।
Posted ৪:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah