জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | প্রিন্ট | 138 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তায় অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেন পরিষ্কারে অবহেলার কারণে জলাবদ্ধতা ও দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই ড্রেনের কালো ও দুর্গন্ধযুক্ত পানি উপচে মহাসড়কে উঠে আসায় যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
সম্প্রতি শ্রীপুর পৌর প্রশাসন ড্রেন পরিষ্কারের উদ্যোগ নিলেও, উত্তোলিত ময়লা-আবর্জনা মহাসড়কের পাশেই স্তূপ করে রাখায় নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পানিতে ওই বর্জ্য আবার ড্রেনে ফিরে যাচ্ছে। ফলে ড্রেন পরিষ্কারের সুফল মিলছে না। এছাড়া বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ও ভাসমান দোকান থেকে ফেলা বর্জ্যও রাস্তায় জমে পরিবেশ দূষণ ও জনভোগান্তি বাড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোছা. রোকসানা আক্তার বলেন, “ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় বছরের পর বছর ধরে ময়লা জমে আছে। এখন পরিষ্কার করা হলেও ময়লাগুলো রাস্তার পাশে ফেলে রাখায় কোনো উপকার হচ্ছে না।”
ব্যবসায়ী আব্দুল করিম বলেন, “বৃষ্টি হলেই ড্রেনের নোংরা পানি সড়কে উঠে আসে। এতে ক্রেতারা দোকানে আসতে চান না, ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
পরিবহনচালক শাহিন মিয়া বলেন, “সামান্য বৃষ্টিতেই তীব্র যানজট তৈরি হয়। সমস্যাটির দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।”
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, বিষয়টি শ্রীপুর পৌর প্রশাসককে অবহিত করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাহিদ ভূঞা বলেন, “মাওনা চৌরাস্তার জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।”
Posted ৫:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah