জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট | 55 বার পঠিত
গাজীপুরের উজিলাব ও টেংরা এলাকায় দি লেভান্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফিটকিরি উৎপাদন কারখানা ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। কারখানায় সালফিউরিক অ্যাসিড (H₂SO₄)সহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে ফিটকিরি তৈরি করার ফ্যাক্টরি নির্মাণের প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কারখানার কারণে বায়ু, পানি ও মাটির দূষণ ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। কারখানা থেকে নির্গত তীব্র রাসায়নিক ধোঁয়া ও দুর্গন্ধে শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া, গলা খুসখুস ও নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে।
এলাকাবাসী ও পরিবেশবাদীরা বারবার মিছিল-মানববন্ধন করে প্রতিবাদ জানালেও প্রশাসন এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে। তারা দাবি করেছেন, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কারখানাটি পরিদর্শন করে বায়ু, পানি ও মাটির নমুনা পরীক্ষা করুক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, সালফিউরিক অ্যাসিডের মতো বিপজ্জনক রাসায়নিক যথাযথ ব্যবস্থাপনা ছাড়া ব্যবহার করলে বায়ু দূষণ, মাটির উর্বরতা হ্রাস, পানির দূষণ এবং দীর্ঘমেয়াদে স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি হতে পারে। এছাড়া দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এলাকাবাসীর স্বাস্থ্য ও জীবনযাপন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
Posted ৯:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah