সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ২০ জুন ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও পাঁচবারের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট হারুন আল রশিদকে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে দুপুর সোয়া ২টায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলার বিভিন্ন উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও আশুগঞ্জ উপজেলার হাজারো মানুষ অংশ নেন। মাঠে স্থান সংকুলান না হওয়ায় অনেকেই রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন। জানাজায় ইমামতি করেন মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জাকারিয়া।
জানাজার আগে অনুষ্ঠিত শোকসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল মান্নান, এম এ হান্নান, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সায়েদুল হক সাঈদ, হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় জেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, রেড ক্রিসেন্ট ইউনিট ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
হারুন আল রশিদ দীর্ঘ রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের চিফ হুইপ, ত্রাণ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেলা বিএনপির সভাপতি এবং আমৃত্যু কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah