অনলাইন ডেস্ক | রবিবার, ২৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার সরকারি বাসভবন ছেড়ে বঙ্গভবনে উঠেছেন দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছান তিনি। সেখানে পৌঁছানোর পর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
এখন থেকে বঙ্গভবনেই বসবাস করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। একই সঙ্গে বঙ্গভবন থেকেই পরিচালনা করবেন তার দাপ্তরিক কার্যক্রম।
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওঠার নিয়ম রয়েছে।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর এক দিন আগে, ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর শপথ গ্রহণ এবং বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের আনুষ্ঠানিক দায়িত্বপর্ব আরও এক ধাপ এগিয়ে গেল।
Posted ৫:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah