অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট | 71 বার পঠিত
রাজশাহী প্রতিনিধি: ট্রেনে রসিদ ছাড়াই ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসংলগ্ন রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী ফোরকান উদ্দীনের অভিযোগ, সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসে ফেরার পথে তিনি দেখতে পান, ট্রেনের টিকিট পরীক্ষক (টিটি) কয়েকজন যাত্রীর কাছ থেকে রসিদ ছাড়াই ভাড়া আদায় করছেন। তিনি এর প্রতিবাদ করলে কয়েকজন তাকে আসন থেকে তুলে ট্রেনের দরজার কাছে নিয়ে মারধর করেন।
ফোরকানের দাবি, একপর্যায়ে চলন্ত ট্রেনের দরজার পাশে নিয়ে তাকে ধাক্কা দেওয়া হয়। এতে তার চশমা ভেঙে যায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে রাবির শিক্ষার্থীরা চারুকলা অনুষদসংলগ্ন রেলপথ অবরোধ করেন। এতে রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের রেল চলাচল ব্যাহত হয়। ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সংশ্লিষ্ট নেতারাও।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিচয় জানার পরও একজন শিক্ষার্থীর ওপর এমন হামলা মেনে নেওয়া যায় না। অভিযুক্ত টিটি সুমনকে হাজির করে আইনানুগ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজ এর প্রতিবাদ না করলে ভবিষ্যতে যেকোনো সাধারণ যাত্রী বা শিক্ষার্থী একই ধরনের নির্যাতনের শিকার হতে পারেন।”
অবরোধের কারণে সাধারণ যাত্রীদের সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তারা জানান, রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তবে অভিযুক্ত টিটিকে হাজির না করা পর্যন্ত তারা রেললাইন ছাড়বেন না।
শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো— অভিযুক্ত টিটির চাকরিচ্যুতি, রেল কর্তৃপক্ষের বাদী হয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ প্রদান এবং সব দূরপাল্লার ট্রেনের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, “আমার শিক্ষার্থী কোনো অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু তাকে মারধর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।”
তবে এ ঘটনায় রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Posted ৬:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah