জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট | 72 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে দার্ড কম্পোজিট লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটিতে প্রায় দুই হাজার শ্রমিক কর্মরত ছিলেন। সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে কারখানার শ্রমিকরা বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাস ও বকেয়া বেতনসহ নানা দাবিতে আন্দোলন করে আসছিলেন। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে শ্রমিকরা বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তাল হলে কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাটি বন্ধ ঘোষণা করে।
কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়তেই শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা কারখানা খোলার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ তাদের দাবি উপেক্ষা করে কারখানা বন্ধ করে দিয়েছে, যা শ্রমবিরোধী কাজ। অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের অস্থিরতার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গাজীপুরে গত দেড় বছরে স্থায়ী ও অস্থায়ীভাবে বন্ধ হয়েছে ৩২৭টি কারখানা। এর মধ্যে শ্রীপুরের দার্ড কম্পোজিট ছাড়াও বেশ কয়েকটি নামী কারখানা বন্ধ হয়ে গেছে। কারখানা বন্ধের ফলে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন এবং তাদের পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah