জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | প্রিন্ট | 132 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের দখলকৃত জমি উদ্ধার অভিযানে গিয়ে রেঞ্জার কর্মকর্তাসহ একাধিক বনকর্মী ও প্রশাসনের কর্মকর্তার ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সকাল থেকে যৌথবাহিনী ও বন বিভাগের সদস্যরা কাফিলাতলী মৌজার বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করে। বিকেল ৩টায় অভিযান শেষে ফেরার পথে স্থানীয় একাংশ লোকজন পেছন থেকে হামলা চালায়। হামলাকারীরা ইট ও পাটকেল ছুড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িসহ তিনটি গাড়ি ও দুটি এক্সকাভেটর ভাঙচুর করে। হামলায় সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, ইউএনওর গাড়িচালক আবদুল হানিফ, স্টাফ আশিকুর রহমান, রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িচালক লিটন ও এক্সকাভেটর অপারেটরসহ অন্তত ১০ জন আহত হন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ জানান, হামলাকারীদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা গেছে। বন বিভাগের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা বাহিনী দুই হামলাকারীকে আটক করলেও তাদের পরিচয় জানা যায়নি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শ্রীপুরে ব্যাপকহারে বনভূমি দখল করা হয়। এর আগেও বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যেখানে বিএনপির ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়।
Posted ৩:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah