জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 55 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ গেছে দুই যুবকের। শুক্রবার (৩ জুলাই) ভোর রাতে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে কাওসার আহমেদ (২৪) ও একই এলাকার হাসান সিকদারের ছেলে সোলাইমান হোসেন (২২)।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, চার বন্ধু দুটি মোটরসাইকেলে কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহে সোলাইমানের এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল। জৈনা বাজার এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটি রং সাইডে চলছিল, যার ফলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
নিহত কাওসারের বড় ভাই ফয়সাল আহমেদ জানান, সোলাইমান ও কাওসার ছোটবেলার বন্ধু। কাওসার একটি ফলের দোকানে এবং সোলাইমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Posted ১:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah