নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ মে ২০২৫ | প্রিন্ট | 173 বার পঠিত
নারী উদ্যোক্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া নারী উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী স্কিন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ৯ মে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শহরের কাউতলিস্থ একটি কনভেনশন হলে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলাসহ ঢাকা, গাজীপুর ও কুমিল্লা থেকে আগত ৩৫ জন অভিজ্ঞ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন, যারা দীর্ঘদিন ধরে বিউটি পার্লার পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন। প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কসমেটোলজিস্ট এ. কে. এস. অনিমিথ। তিনি স্কিন কেয়ারের আধুনিক পদ্ধতি, পণ্যের উপযুক্ত ব্যবহার, সমস্যাভিত্তিক ট্রিটমেন্ট এবং গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিতভাবে প্রশিক্ষণ প্রদান করেন। তার পাশাপাশি সহপ্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন রংধনু বিউটি পার্লারের শাহিনূর আজিজ এবং ফারিয়ার্স মেকওভার স্টুডিও ও মিরর স্কিনের ফারিয়া তাসনিন বর্ষা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো .বাহারুল ইসলাম মোল্লা, সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার সৈয়দ আজীজুল বারী, সমাজকর্মী কোহিনূর আক্তার প্রিয়া এবং মো. রাসেল।
অতিথিরা নারী উদ্যোক্তাদের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, এমন আয়োজন নারীদের আর্থিক ও পেশাগতভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেককে সম্মাননা স্বরূপ সার্টিফিকেট, ক্রেস্ট ও মগ উপহার দেওয়া হয়।
কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। যেখানে বেকারি অ্যান্ড পেস্ট্রি এক্সপার্ট আখিনূরের স্পনসর করা কেক অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এমন প্রশিক্ষণের আয়োজন অব্যাহত থাকবে।
শেষে, সারাদেশে সাড়া জাগানো পুতুলনাচের কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী জিয়ামিন ও ইয়ারার পরিবেশনায় আগত দর্শকরা মুগ্ধ হন।
অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিলেন আপন ঘর বিউটি পার্লারের স্বত্বাধিকারী ফাতেমা চৌধুরী লিপি এবং অতসি বিউটি পার্লারের স্বত্বাধিকারী স্মৃতি সবুর।
কর্মশালাটি সঞ্চালনা করেন আবদুল মতিন শিপন।
Posted ৪:২৭ অপরাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah