মোঃ বিল্লাল সরকার | রবিবার, ০১ জুন ২০২৫ | প্রিন্ট | 126 বার পঠিত
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামে নিখোঁজের সাতদিন পর চার বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম আব্দুল্লাহ রহমান। সে ওই গ্রামের মো. আতিকুর রহমান ও হালিমা খাতুন দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ মে বিকালে শিশু আব্দুল্লাহ হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরদিন ২৪ মে কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৬৩১) করেন তার মা হালিমা খাতুন। ৩০ মে শুক্রবার বিকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ধানক্ষেতে স্থানীয়রা একটি পচনধরা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয় এটি নিখোঁজ শিশু আব্দুল্লাহর মরদেহ। লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল।
পুলিশ মরদেহ উদ্ধার করে ওইদিন রাতেই ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠায়। ৩১ মে শনিবার সকালে ময়না তদন্ত শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পারিবারিক কবরস্থানে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের বলেন, প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যু হিসেবে গণ্য করে মামলা গ্রহণ করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Posted ৬:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah