জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১৭ জুন ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকায় মাত্র তিন ঘণ্টার টানা বর্ষণেই ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, অলিগলি, দোকানপাট ও অসংখ্য বসতবাড়ি। চরম দুর্ভোগে পড়েছেন পৌর এলাকার প্রায় দশ লাখ বাসিন্দা।
জানা গেছে, ১৬ জুন মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডাইনকিনী, হরতকীতলা ও ৭ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, প্রধান সড়ক ও অলিগলিতে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। ঘরের ভেতরেও পানি ঢুকে পড়ায় নারী, শিশু ও বৃদ্ধরা ঘরবন্দি হয়ে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, ‘সকালে কারখানায় কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘরের ভেতর পানি ঢুকে পড়েছে। এখন বুঝতে পারছি না কারখানায় যাব, নাকি ঘরের মালামাল সরিয়ে নিরাপদ স্থানে রাখব।’
আব্দুল করিম নামের আরেক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই এ এলাকায় জলাবদ্ধতা হয়। ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় পানি দ্রুত নিষ্কাশন হয় না। প্রতি বছর একই নাটক।’
গৃহবধূ সালমা আক্তার জানান, বাড়ির উঠান থেকে শুরু করে চারপাশ পানিতে তলিয়ে গেছে। শিশু ও বয়স্কদের নিয়ে তারা চরম সমস্যায় রয়েছেন।
জলাবদ্ধতার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। এ ছাড়া পল্লী বিদ্যুৎ এলাকার প্রায় ১৬টি শিল্পকারখানায় পানি ঢুকে পড়ায় সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে একই অবস্থার মুখোমুখি হতে হয়। ময়লা-আবর্জনায় নালা ভরাট ও নতুন নির্মাণে ড্রেনের মুখ বন্ধ থাকায় পানি জমে থাকে দিনের পর দিন। অথচ পৌর কর্তৃপক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পৌরসভার সব ইউনিট কাজ করছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে এবং দীর্ঘমেয়াদে স্থায়ী সমাধানের পদক্ষেপ নেওয়া হবে।’
এলাকাবাসী দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পাম্পের মাধ্যমে আটকে পড়া পানি অপসারণের দাবি জানিয়েছেন।
Posted ১২:১৩ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah