জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ২০ জুন ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় বয়লার বিস্ফোরণের ঘটনায় একটি টায়ার প্রক্রিয়াজাতকরণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শনিবার (২০ জুন) দুপুর সোয়া ২টার দিকে পূবাইল কলেজ গেট এলাকার ‘ইকো টেক’ নামের টায়ার থেকে তেল ও মবিল উৎপাদনকারী কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার একটি বয়লার হঠাৎ বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
আগুনে কারখানার মবিল উৎপাদনের কাঁচামাল, বিভিন্ন সরঞ্জাম ও মেশিনপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, “বয়লার বিস্ফোরণের কারণে পূবাইলের ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
Posted ১২:১৩ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah