জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ২০ জুন ২০২৬ | প্রিন্ট | 35 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে ট্রেনের চাপায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের এই স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৬৫ থেকে ৭৫ বছরের মধ্যে হবে। তিনি রেললাইন ধরে হেঁটে স্টেশনের দিকে আসছিলেন। এ সময় দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনটি তাকে চাপা দিয়ে প্রায় ১৫-২০ ফুট দূরত্বে নিয়ে যায়।
ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, রেললাইনের ওপর পড়ে আছে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ। তার মাথা ফেটে যায় এবং বাম পায়ের গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। তার পরনে ছিল সাদা চেক লুঙ্গি ও কাঠালি রঙের পাঞ্জাবি। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। জয়দেবপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Posted ৫:৪১ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah