জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | প্রিন্ট | 186 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১১১ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ১৭৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাহিদ ভূইঞা এই বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক জানান, মোট বাজেটের মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৯ কোটি টাকা। বাকি অর্থ ব্যয় হবে পৌরসভার নিয়মিত প্রশাসনিক ও অন্যান্য খাতে। তিনি আরও বলেন, আগামী অর্থবছরে পৌরসভার আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষায় নানামুখী উদ্যোগ নেওয়া হবে।
শ্রীপুর পৌরসভা সূত্রে জানা গেছে, নগরায়নের সঙ্গে তাল মিলিয়ে বাড়তি জনগোষ্ঠীর জন্য মৌলিক সেবা নিশ্চিত করতেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। উন্নয়ন বাবদ বরাদ্দকৃত অর্থ দিয়ে সড়ক, ড্রেনেজ, পানি সরবরাহ, নগর পরিবেশ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে পৌর কর্তৃপক্ষ।
পৌর প্রশাসক আরও জানান, বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। প্রয়োজনে প্রকল্পভিত্তিক তদারকি বাড়ানোর পাশাপাশি জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
এদিকে, বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা আশা প্রকাশ করেন, উন্নয়ন বরাদ্দ সঠিকভাবে ব্যবহার করা হলে শ্রীপুর পৌর এলাকার সামগ্রিক অবকাঠামো ও জীবনমানের উন্নয়ন হবে। তবে বাজেট বাস্তবায়নে কোনো অনিয়ম হলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও জানান তারা।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah