সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ২৪ জুন ২০২৬ | প্রিন্ট | 80 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মো. সোহেল মিয়া ওরফে ‘টাইগার সোহেল’কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোহেল মিয়া জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে নবীনগর থানায় মারামারি, মাদক, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া গত ৫ আগস্টের পর স্থানীয় হাসান মিয়ার বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায়ও তাকে গ্রেফতার করা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন সোহেল। একপর্যায়ে তিনি নিজেকে ‘টাইগার সোহেল’ নামে পরিচিত করা শুরু করেন এবং এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিতি লাভ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, সাবেক সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের ঘনিষ্ঠতা ও প্রভাবকে কাজে লাগিয়ে সোহেলের উত্থান ঘটে। ওই প্রভাবের কারণে তিনি জিনোদপুর বাজার কমিটির সভাপতির পদও লাভ করেন বলে অভিযোগ রয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “টাইগার সোহেল একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে সোপর্দ করা হবে।”
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
Posted ৬:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah