জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ০৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | 100 বার পঠিত
ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত, বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ এবং পোল্ট্রি খাদ্য ও ওষুধের দাম কমানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়কে ডিম ভেঙে অভিনব প্রতিবাদ করেছেন প্রান্তিক পোল্ট্রি খামারিরা।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে কয়েকশ প্রান্তিক খামারি অংশ নেন। এ সময় তারা মহাসড়কের ওপর শত শত ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান। এতে কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
আন্দোলনকারী খামারিদের অভিযোগ, প্রতিনিয়ত পোল্ট্রি ফিড ও মুরগির ওষুধের দাম বাড়ছে। অথচ করপোরেট কোম্পানিগুলোর কৃত্রিম বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের কারণে তারা ডিম ও মুরগির ন্যায্য মূল্য পাচ্ছেন না। উৎপাদন খরচের চেয়ে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হওয়ায় অনেক প্রান্তিক খামারি দেউলিয়া হওয়ার মুখে পড়েছেন।
তাদের দাবি, বড় বড় করপোরেট প্রতিষ্ঠান সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে সাধারণ খামারিদের ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে দেশের পোল্ট্রি শিল্প মারাত্মক সংকটে পড়বে।
কর্মসূচি থেকে সরকারকে অবিলম্বে বাজারে সিন্ডিকেট ভেঙে ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত এবং পোল্ট্রি খাদ্য ও ওষুধের দাম সহনীয় পর্যায়ে আনার দাবি জানান আন্দোলনকারীরা।
Posted ২:১৫ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah