জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | 83 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পাঁচটি গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এসব সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি সড়কের মোট ৪ দশমিক ৪২ কিলোমিটার উন্নয়ন করা হবে। প্রকল্পগুলোর মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১৩ লাখ ৪৯ হাজার টাকা।
উন্নয়ন কাজের আওতায় থাকা সড়কগুলো হলো— মার্তা বাজার-মার্তা খাল সড়ক, প্রহলাদপুর-পোতাবাড়ী সড়ক, প্রহলাদপুর হাইস্কুল-ভিটিপাড়া সড়ক, দিঘীরচালা-চিনাশুকানিয়া সড়ক এবং ভিটিপাড়া-জয়নারায়নপুর সড়ক।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধাজনক হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও গতি আসবে। তিনি বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah