সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | 92 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেলেকে শাসন করাকে কেন্দ্র করে স্বামীর ধমকের পর অভিমানে মারজান বেগম পাখি (৩৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মারজান বেগম সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ গ্রামের শরীফ মিয়ার স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুরে মারজান বেগম তার ছোট ছেলেকে শাসন করলে বিষয়টি নিয়ে স্বামী শরীফ মিয়া তাকে ধমক দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হয়। একপর্যায়ে অভিমানে তিনি বিষাক্ত পদার্থ সেবন করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, বিষাক্ত পদার্থ সেবনের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি সরাইল থানাকে অবহিত করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah