জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | 108 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, সবাই বর্তমানে শঙ্কামুক্ত। ঘটনার পর কারখানাটি দিনের বাকি সময়ের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার টেপিরবাড়ী এলাকার কালার অ্যান্ড কোং (Colour & Co.) নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ৮টার দিকে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দেন। কিছুক্ষণ পর কারখানার পঞ্চম তলার সুইং বিভাগে কর্মরত কয়েকজন শ্রমিকের মাথা ঘোরা, পেটব্যথা, বমি বমি ভাব ও শ্বাসকষ্ট শুরু হয়। পরে একই ধরনের উপসর্গ আরও অনেক শ্রমিকের মধ্যে দেখা দিলে তাদের কারখানার ব্যবস্থাপনায় মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নেওয়া হয়। একসঙ্গে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে পৌঁছানোয় চিকিৎসাসেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে অতিরিক্ত চাপ সামলাতে হয়।
আল হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবুল হোসেন বলেন, মাথা ঘোরা, পেটব্যথা, বমি বমি ভাব ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে শ্রমিকরা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই বর্তমানে শঙ্কামুক্ত।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, কারখানায় একাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করেছে।
উল্লেখ্য, গত জুন মাসে একই কারখানায় লিজা আক্তার নামে এক শ্রমিক অসুস্থ হয়ে মারা যান। সে সময় শ্রমিকরা অভিযোগ করেছিলেন, অসুস্থ হলেও ছুটি না পাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের বিক্ষোভের মুখে কারখানাটি দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল।
Posted ৯:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah