জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট | 125 বার পঠিত
গাজীপুর মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলতি বছরের প্রথম ছয় মাসে ৩ হাজার ২১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। একই সময়ে মহানগরীর বিভিন্ন থানায় ১ হাজার ৪৫৪টি মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জিএমপি কমিশনার কার্যালয়ে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে জানুয়ারি থেকে জুন মাসের অপরাধ পরিসংখ্যান তুলে ধরে এসব তথ্য জানান জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার।
তিনি জানান, ছয় মাসে দায়ের হওয়া মামলার মধ্যে রয়েছে ২০টি হত্যা, ৭টি ডাকাতি, ২৮টি ছিনতাই এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৭৬টি মামলা। বিভিন্ন অভিযানে গ্রেপ্তার হওয়া ৩ হাজার ২১৭ আসামির মধ্যে ৪৬ জন ছিনতাইকারী, ২৩ জন ডাকাত এবং ডাকাতির প্রস্তুতিকালে ৩৫৪ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৯৮৮ জন মাদক কারবারি ও ৯০১ জন মাদকসেবীকে আইনের আওতায় আনা হয়েছে। এ সময় ৫১ হাজার ৫৬০ পিস ইয়াবা, ৩৫৭ কেজি গাঁজা, ১ কেজি ৯৬৫ গ্রাম হেরোইন, ৫৩০ পিস প্যাথিডিন এবং ৪৬ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মাদকসংক্রান্ত ৮১২টি এবং অস্ত্রসংক্রান্ত ৬০টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জিএমপি। গত ২১ জুন ও ৩ জুলাইয়ের ঘটনায় ৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও শতাধিক ব্যক্তিকে শনাক্তের কাজ চলছে।
টঙ্গী পূর্ব থানা এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের চেষ্টার বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঝুট ব্যবসায় অবৈধ প্রভাব বিস্তারের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
জিএমপি কমিশনার বলেন, টঙ্গীর মাজার বস্তি, কেরানীর টেক ও এরশাদ নগরের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। শীর্ষ মাদক কারবারিদের অবৈধ সম্পদের অনুসন্ধানও শুরু হয়েছে। পাশাপাশি মহানগর এলাকায় কিশোর গ্যাং নির্মূলে সদস্যদের হালনাগাদ তালিকা প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহারে অপহরণ ও ‘হানি ট্র্যাপ’-সংক্রান্ত অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে। গত ছয় মাসে উদ্ধার হওয়া ২০টি অজ্ঞাত লাশের মধ্যে ১৯টির পরিচয় প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা সম্ভব হয়েছে, যা তদন্ত কার্যক্রমকে আরও গতিশীল করেছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. তাহেররুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Posted ৫:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah