সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | 108 বার পঠিত
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ। এতে জেলা পূজা উদযাপন কমিটি, বিভিন্ন থানা এলাকার মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় আগামী ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন সনাতন সম্প্রদায়ের নেতারা। পাশাপাশি শোভাযাত্রা নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তারা।
পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ বলেন, রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করে শোভাযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারস্পরিক সহিষ্ণুতা ও শৃঙ্খলা বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টার মধ্যে রথযাত্রার সব আনুষ্ঠানিকতা শেষ করার অনুরোধও করেন।
সভায় রথযাত্রা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ ও আয়োজকদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
Posted ৬:২০ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah