অনলাইন ডেস্ক | সোমবার, ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
ফাইল ছবি
পরিবেশ রক্ষায় দেশের প্রতিটি নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সোমবার (৩ আগস্ট) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় তিনি বলেন, পরিবেশ এমন একটি বিষয়, যা সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে স্পর্শ করে। কয়েক দশক আগের বাংলাদেশের পরিবেশের সঙ্গে বর্তমান বাস্তবতার বড় পরিবর্তন এসেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা, উপজেলা এমনকি গ্রামাঞ্চলের রাস্তাঘাট, হাট-বাজার ও জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, টিস্যুসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়, যা পরিবেশের জন্য ক্ষতিকর।
প্রধানমন্ত্রী বলেন, মানুষ যেমন নিজের ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চায়, তেমনি দেশের পরিবেশকেও নিজেদের দায়িত্ব হিসেবে নিতে হবে। সবার সামান্য সচেতনতা ও দায়িত্বশীল আচরণ আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পারে।
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রতিদিন হেঁটে, রিকশায় কিংবা বাসে চলাচল করেন। রাস্তায় যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকায় সাধারণ মানুষকে যেমন দুর্ভোগ পোহাতে হয়, তেমনি পরিবেশও দূষিত হচ্ছে।
দেশের পুকুর, খাল ও জলাশয়ের দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন এলাকায় গিয়ে অনেক পুকুরের পাড় ও ভেতরে আবর্জনার স্তূপ দেখতে পেয়েছেন। অথচ একসময় এসব স্থান ছিল মানুষের অবসর কাটানোর অন্যতম জায়গা।
এ ছাড়া পার্ক, বিনোদনকেন্দ্র ও পর্যটনস্থলে বেড়াতে গিয়ে চিপসের প্যাকেট, লজেন্সের মোড়ক কিংবা বাদামের খোসা যেখানে-সেখানে না ফেলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, দেশটা সবার। সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখলে বড় পরিবর্তন আনা সম্ভব। এ কাজে তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
Posted ৭:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah