অনলাইন ডেস্ক | সোমবার, ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছে।
খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপকারভোগীরা বছরে ছয় মাস এই সুবিধা পাবেন। চলতি বছরের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং আগামী বছরের মার্চ ও এপ্রিল মাসে পরিবারপ্রতি ৩০ কেজি করে চাল দেওয়া হবে।
দরিদ্র মানুষের পুষ্টি উন্নয়নের লক্ষ্যে কর্মসূচির আওতায় ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস) বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার পরিবারের মধ্যে দেওয়া হচ্ছে সাধারণ চাল।
এদিকে, সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্রের মাধ্যমে খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রমে চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশের সরকারি খাদ্য মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। গত ২ আগস্ট পর্যন্ত সরকারি গুদামে মোট খাদ্যশস্যের মজুত ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান (চালে রূপান্তরিত হিসাবে) ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন।
মন্ত্রণালয় আরও জানায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি কমানো এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি শক্তিশালী করতে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
Posted ৭:২২ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah