আরিফুর রহমান আরিফ : | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হ্রদের পানিতে সাঁতার কাটার পর বিরল ‘মগজখেকো’ অ্যামিবার সংক্রমণে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুটির নাম লিলিয়ান স্মার্ট। সম্প্রতি স্থানীয় ক্লিবোর্ন হ্রদে সাঁতার কাটার পর অসুস্থ হয়ে পড়ে সে।
গত ১৫ আগস্ট লিলিয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়। আট বছর বয়স পূরণের পরদিন শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ১৯ আগস্ট স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করে, শিশুটির শরীরে নেগ্লেরিয়া ফাউলেরি নামের অ্যামিবার সংক্রমণ হয়েছিল।
ধারণা করা হচ্ছে, হ্রদের পানিতে সাঁতার কাটার সময়ই অ্যামিবাটি তার শরীরে প্রবেশ করে।
শিশুটির পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, সংক্রমণের কারণে লিলিয়ানের মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
কীভাবে শরীরে ঢোকে এই অ্যামিবা?
নেগ্লেরিয়া ফাউলেরি সাধারণত উষ্ণ মিঠা পানিতে বাস করে। দূষিত পানি নাক দিয়ে শরীরে ঢুকলে এটি মস্তিষ্কে পৌঁছে পিএএম নামে বিরল ও প্রাণঘাতী সংক্রমণ ঘটাতে পারে।
তবে পানি গিলে ফেললে এই সংক্রমণ হয় না।
প্রথমে মাথাব্যথা, জ্বর, বমি ও বমিভাব দেখা দিতে পারে। পরে খিঁচুনি, চেতনা হারানো ও কোমার মতো গুরুতর উপসর্গ দেখা দেয়।
বিরল হলেও ভয়ংকর এই সংক্রমণ। যুক্তরাষ্ট্রে ১৯৩৭ সাল থেকে প্রায় ১৮০ জন এ অ্যামিবায় আক্রান্ত হয়েছেন। তাদের প্রায় ৯৭ শতাংশের মৃত্যু হয়েছে।
জলাশয়ে নিয়মিত এ অ্যামিবার উপস্থিতি পরীক্ষা করা হয় না। ফলে কোনো জলাশয়ের পানিতে এটি রয়েছে কি না, তা আগে থেকে জানা কঠিন।
Posted ২:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah